মৌলভীবাজারের জঙ্গি অাস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস ’ আজকের মতো স্থগিত করা হয়েছে। অাগামীকাল শনিবার সকাল থেকে আবার অভিযান শুরু করবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
শুক্রবার সন্ধ্যায় আবুশাহ দাখিল মাদ্রাসা গলির দোতলা একটি বাড়িতে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় মনিরুল ইসলাম বলেন, ‘অন্ধকার হয়ে যাওয়ার আজকের মতো অভিযান স্থগিত করা হয়েছে। কাল সকাল থেকে যথারীতি আবার অভিযান শুরু করা হবে। জঙ্গিরা ভেতর থেকে কিছু বোমা বিষ্ফোরণ ঘটিয়েছে। আমরা ধারণা করছি প্রচুর বোমা আছে। অপারেশনটি অপেক্ষাকৃত একটু জটিল। যে বাড়িটিতে তারা অবস্থান নিয়েছে, সেই বাড়িতে অনেক কক্ষ রয়েছে এবং একটি নির্মাণাধীন ভবন রয়েছে। এ কারণে এই অভিযান শেষ হতে আরও কিছু সময় লাগবে। বাড়িটি এখনও ঘিরে রাখা হয়েছে।”আস্তানা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। থেমে থেমে চলেছে গোলাগুলি। অভিযানের সময় এক পুলিশ সদস্য আহত হয়েছিলেন। সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার পর থেকে গোলাগুলির পরিমান বেড়ে যায়। ১২টা ৫০ মিনিটে বিকট শব্দে দুইটি বিস্ফোরণ ঘটে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সোয়াটের একটি টিম এলাকা পর্যবেক্ষণ করে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বড়হাটের আস্তানায় অভিযানের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে বৃহস্পতিবার বিকেলে নাসিরপুরের জঙ্গি আস্তানায় অপারেশন হিট ব্যাক শেষ হয়। সেখানে ৭/৮ জন জঙ্গি নিহত হয়েছে বলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছিলো।