“উনিশের উচ্ছ্বাসে
‘চ্যানেল আই’ হাসে
থাক মানুষের পাশে
বছরের বারো মাসে।”
শুরু থেকেই কেন যেন মনে হয়েছে ‘চ্যানেল আই’ বাংলাদেশের আপামর জনগণের চ্যানেল। এখানে বোধহয় লোগোটা একটা বিষয়। সবুজের ভেতর লালের ব্যাপারটা বাংলাদেশের মানুষকে ছুঁয়ে গেছে। মানুষের কাছে তার দেশের পতাকা একটা বড় আবেগের জায়গা। এই আবেগকে বা আবেগের রঙটাকে যখন কেউ লালন করে বা ধারণ করে তখন স্বাভাবিকভাবে তার প্রতি মানুষের আগ্রহটা একটু বেশিই থাকে। আর সে কারণেই চ্যানেল আই সাধারণ মানুষের মনে স্থান করে নিতে সক্ষম হয়েছে অল্প সময়ে।
এর খবর, নাটক, গানের অনুষ্ঠান, পরিবেশ বিষয়ক বৈচিত্র্যময় তথ্যচিত্র, বিনোদন-রাজনৈতিক টক শো ও সাক্ষাৎকার-সবকিছুই অন্যদের চেয়ে খানিকটা আলাদা। আর যে বিষয়টি মানুষের কাছে সাড়া জাগিয়েছে, তা হলো রিয়েলিটি শো। দেশের ভেতরে এবং দেশের বাইরে একের পর এক শো করে মানুষের ভেতর স্থায়ী আসন করে নিয়েছে।
চ্যানেল আই’র থিম সংটাই বলে দেয় এটাতে বাংলাদেশকে ধারণ করা হয়েছে। এর সুরে আপামর বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা। আর যখন উচ্চারিত হয় হৃদয়ে বাংলাদেশ, তখনই তো বলে দেয় দেশপ্রেমকে কিভাবে লালন করে চ্যানেল আই।
কৃষিভিত্তিক যে অনুষ্ঠানটি কৃষকদের অর্থাৎ ফসলের মাঠের মুকুটহীন সম্রাটদের নিয়ে করা হয়, শ্রদ্ধেয় শাইখ সিরাজ যেটি পরিকল্পনা ও উপস্থাপনা করেন, সেই ‘হৃদয়ে মাটি ও মানুষ’ বলে দেয় যারা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে রেখেছে, তাদের কথাটি আর কোন চ্যানেল না ভাবলেও ভেবেছে চ্যানেল আই। অনন্য বৈশিষ্ট্যের এ অনুষ্ঠানটি যে কতটা বস্তুনিষ্ঠ এবং কৃষকদের কাছে জনপ্রিয় তা বলে শেষ করা যাবে না। মানুষের কাছে যারা বেশি পাত্তা পায় না, বিশেষ করে শহুরে মানুষ যাদের অবদানকে খুব একটা বড় করে দেখাতে কার্পণ্য করেন তাদের কেন্দ্র করেই শাইখ সিরাজ নির্মাণ করেন হৃদয়ে মাটি ও মানুষ।
সেই ‘অন্নযোদ্ধা’দের (ফসলের মাঠে রোদে পুড়ে-বৃষ্টিতে ভিজে লাঙল আর কাস্তে হাতে যুদ্ধ করে যদি ধান বা ফসল উপহার দিতে পারে তাদেরকে অন্নযোদ্ধা বলতে দোষ কি?) সম্মান দেখানো হয় ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানমালায়। তখন সত্যি মনটা ভরে যায়। উনিশে পা দেয়া যে কোনো তরুণ বা তরুণীর ভেতরে যে কর্মোদ্দীপনা কাজ করে সেই প্রাণচাঞ্চল্য নিয়ে এগিয়ে যাক চ্যানেলটি, সেই কামনা থাকল। অভিনন্দন, চ্যানেল আই-কে।
(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)








