অনুষ্ঠানে ‘আধুনিকতা’ আনতে ইউটিউবারদের সাহায্য নিচ্ছে বিবিসি

ডে-টাইম সিডিউল, অর্থাৎ দিনের বেলার অনুষ্ঠান সূচিতে বৈচিত্র্য ও আধুনিকতা আনতে বেশ কয়েকজন জনপ্রিয় ইউটিউব তারকাকে নিয়ে নতুন একটি ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করছে বিবিসি।
অনুষ্ঠানটির নাম হতে যাচ্ছে ‘দ্য কাস্টমার ইজ অলওয়েজ রাইট’। চলতি বছরের শেষের দিকে এটির সম্প্রচার শুরু হবে বলে আশা প্রকাশ করেছে বিবিসি কর্তৃপক্ষ।
এ অনুষ্ঠানের জন্য ল্যাডবেবি’র মতো জনপ্রিয় ইউটিউবার এবং তার স্ত্রী রক্স্যানের সঙ্গেও বিবিসি চুক্তি সই করেছে। এই ল্যাডবেবির (আসল নাম মার্ক হয়েল) তৈরি গান গত বছর ইউকে ক্রিসমাস টপ চার্টে আরিয়ানা গ্রান্দেকে পেছনে ফেলে ক্রিসমাস নাম্বার ওয়ান হয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপরিচিত এমন বেশ কয়েকজন জনপ্রিয় ইউটিউবারকে নিয়ে ডে-টাইম টিভি’কে সাজানোর উদ্যোগ নিয়েছে বিবিসি। এদের কাজ হবে উঠতি উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও সরঞ্জাম যাচাই করে রিভিউ দেয়া। এই সরঞ্জামগুলো যেমন হতে পারে পোষা বেড়াল খুঁজে পেতে তৈরি জিপিএস ট্র্যাকার; তেমনি হতে পারে সুগন্ধি মোমবাতি যা গলে গলে ম্যাসাজ অয়েলে পরিণত হয়।
ডে-টাইম বলতে মূলত ছুটির দিন বাদে অন্যান্য দিনে সকাল ৯/১০টা থেকে বিকেল ৪/৫টা পর্যন্ত সময়ের অনুষ্ঠানের সিডিউলকে বোঝায়। বেশিরভাগ ক্ষেত্রেই এ সময়টায় বিভিন্ন সোপ অপেরা, টক শো এবং গেম শো প্রচার করে থাকে পশ্চিমা টিভি চ্যানেলগুলো।
বিবিসি’র প্রোগ্রামিং অ্যান্ড ডে-টাইমের দায়িত্বে থাকা ড্যান ম্যাকগলপিন সম্প্রতি জানিয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ সিডিউলে নতুনত্ব আনতে যাচ্ছে।
তিনি বলেন, ‘আমরা চাইছি ডে-টাইমকে আধুনিকায়ন করতে এবং নতুন প্রজন্মের কিছু হিট প্রচলনকে এর সঙ্গে যুক্ত করতে। আমাদের প্রচুর দীর্ঘদিন চলা জনপ্রিয় অনুষ্ঠান আছে যেগুলো দর্শকরা ভালোবাসেন। ওগুলোর কোনো সমস্যা নেই। কিন্তু আমরা অনুষ্ঠানের এক নতুন প্রজন্মকেও উপস্থাপন করতে চাই।’
তারপরই ইউটিউবারদের নিয়ে নতুন ধারাবাহিক অনুষ্ঠানের এ ঘোষণা এলো।








