অনিশ্চয়তা আর শঙ্কা নিয়েই সাউথ এশিয়ান গেমসের জন্য আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে হকি দলের অনুশীলন। দল বদলের দাবিতে ২২ খেলোয়াড় ক্যাম্প বর্জন করায় সার্ভিসেস আর বিকেএসপির তরুণ খেলোয়াড়দের নিয়েই বিকেএসপিতে আপাতত ক্যাম্প শুরু করছেন কোচ মাহবুব হারুন।
ফেডারেশন আর ক্লাবের আন্ত:কোন্দলে হকির দুর্দশা যেন কাটছেই না। ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের অনুরোধ আর অলিম্পিক অ্যসোসিয়েশনের বারবার তাগিদের পরও ১২তম এশিয়ান গেমস ও অনুর্ধ্ব-২১ এশিয়া কাপকে সামনে রেখে নির্ধারিত দিনে ক্যাম্প শুরু করতে পারেনি হকি ফেডারেশন।
ক্যাম্পে রিপোর্ট করেও দল বদলের দাবিতে ক্যাম্প বর্জন করেছেন জাতীয় দলের ২২ খেলোয়াড়। তাই সার্ভিসেস প্লেয়ার আর বিকেএসপির তরুণ খেলোয়াড়দের নিয়েই আশার আলো দেখছেন জাতীয় হকি দলের কোচ। আর খেলোয়াড়দের নিয়ে সংকট খুব দ্রুত কাটবে বলে আশা করেন এই সাবেক হকি তারকা ।
ক্যাম্প রিপোর্টিংয়ের দিনে অলস সময়ে বিকেএসপির খেলোয়াড়দের অনুশীলন দেখে স্কোয়াডে অর্ন্তভূক্ত করেছেন তরুণ আশারাফুল, তপু, খোরশেদ ও সারোয়ারদের মত খেলোয়াড়কে। যারা ভাল করতে দৃঢ় প্রতিজ্ঞ। এখন আর্মি, নৌ, আর বিমান বাহিনীসহ বিকেএসপির মোট ২৫ খেলোয়াড়কে নিয়েই চলবে ক্যাম্প। প্রাথমিক অনুশীলন চলবে আজ থেকেই।







