রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডের অতিরিক্ত আত্মবিশ্বাসই ধ্বংসের কারণ বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহো। রাশিয়া বিশ্বকাপ দেখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
৫২ বছর আগে সোনালী অতীত ফিরিয়ে আনার সুর্বণ সুযোগ ছিল ইংল্যান্ডের। বেশি আত্মবিশ্বাসী হওয়াটাই কাল হল ইংল্যান্ডের জানিয়ে মরিনহো বলেন, ’শেষ আটের ম্যাচ জিতে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে ইংল্যান্ড। এত বেশি আত্মবিশ্বাসী হওয়া উচিত হয়নি তাদের। এই আত্মবিশ্বাসই কাল হল ইংলিশদের।’
‘তারা ভেবেছিল, আগের ম্যাচগুলোর মতো সহজেই সেমিতে জিতবে। এছাড়া প্রথম গোল পেয়ে ফাইনাল খেলার স্বপ্ন দেখে ফেলে ইংল্যান্ড। কিন্তু তারা ভুলে গিয়েছিল, ম্যাচের তখনো অনেক সময় বাকী। কিন্তু সত্যি বলতে নিজেদের অতিরিক্ত আত্মবিশ্বাস ইংল্যান্ডকে ধ্বংস করল ।’
মরিনহো বলেন, ‘ভালো খেলার কারণেই সেমিফাইনালে উঠেছিল তারা, তবে এত দূর এসে ইংল্যান্ডের ফাইনাল খেলা উচিত ছিলো তাদের খেলা আমার মন কেড়েছে। ইংল্যান্ডের উচিত ছিলো এই দল ও এই পারফরম্যান্স নিয়ে এবার ফাইনাল খেলা। দলটি সবদিক দিয়েই ভালো ও ভারসাম্যপূর্ণ ছিল। আগের চেয়ে অনেক বেশি উন্নতি করেছে এ দলটি। এ দলের বেশিরভাগ খেলোয়াড়ই বেশ তরুণ।’
রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডে শিরোপা জয়ের সবচেয়ে ভালো সুযোগ ছিল জানিয়ে স্পেশাল ওয়ানের বক্তব্য, ‘এবার বেশ কিছু বড়-বড় দল শেষ চারের আগেই বাদ পড়েছে। এছাড়া সেমিফাইনালে ফ্রান্সের সাথে ম্যাচ পড়েনি ইংল্যান্ডের। তাই সেমির ম্যাচ জিতে যেমন ফাইনাল খেলা উচিত ছিল তাদের, ঠিক তেমনি শিরোপা জয় করাও উচিত ছিল।’
বিশ্বকাপ জিততে না পারলেও কোচ গ্যারেথ সাউথগেটকে রেখে দেয়া উচিত বলেও মনে করেন মরিনহো। বলেন, এই দলটাকে দারুনভাবে তৈরি করেছেন সাউথগেট। এই দল নিয়েই ভবিষ্যতে ভালো করতে পারবেন বলে আমার দৃঢ়বিশ্বাস।







