আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগের আগামী সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রংপুর জেলার কাউন্সিলর হিসেবে অংশ নেবেন।
দলের জাতীয় সম্মেলনকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দপ্তর উপ-কমিটি রংপুর বিভাগের সভা বসে। সভা শেষে সাংবাদিক সম্মেলনে হানিফ এ তথ্য জানান।
মাহাবুব উল আলম হানিফ বলেন, ইতিমধ্যে রংপুর বিভাগের তার (সজীব ওয়াজেদ জয়) নিজ জেলা থেকে তাকে কাউন্সিলর হিসেবে তালিকা করে দপ্তরে পাঠিয়েছে। উনি রংপুরের কৃতী সন্তান হিসেবে কাউন্সিলে অংশ নিবেন।
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয়তার কারণে বিএনপি জয়লাভ করতে পারবে না বলে বিএনপি নেতারা হতাশায় ভুগছে বলেও মন্তব্য করেন মাহাবুব উল আলম হানিফ।
এছাড়াও সিলেটের শিক্ষার্থী খাদিজা আক্তারের ওপর হামলাকারীর শাস্তি প্রসঙ্গে হানিফ বলেন, দলীয় পরিচয় মুখ্য নয়। বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন হবে ২২ এবং ২৩ অক্টোবর। সম্মেলনকে সফল করতে বিভিন্ন কমিটি-উপকমিটির বৈঠকের ধারাবাহিকতায় এই সভা অনুষ্ঠিত হয়।










