আর দশটি সিরিজের মতোই ইংল্যান্ডকে দেখছেন টাইগার অধিনায়ক মাশরাফি মর্তুজা। তবে ম্যাশের সব চিন্তা সিরিজের প্রথম ম্যাচকে ঘিরে।
বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার দলপতি বলেন, সিরিজ নয়, আপাতত চিন্তায় প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে ভালো ফল পেলে নিশ্চিতভাবেই ‘ডমিনেট’ করতে পারবো আমরা।
ঘরের মাঠে টানা সপ্তম সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। এ সময়ে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মত বড় দলকে হারিয়েছে টাইগাররা।
এজন্য ঘরের মাঠে নিশ্চিতভাবেই এগিয়ে থাকবে বাংলাদেশ। তবে এটা মানতে নারাজ মাশরাফি। তার ভাষ্য,‘আমাদেরকে ফেবারিট বলা কঠিন। ভালো প্রতিদ্বন্দ্বীতা হবে এটার নিশ্চয়তা দিতে পারি। আমরা ওদের বিপক্ষে খেলতে প্রস্তুত।’
টাইগারদের রঙ্গিন জার্সির দলপতি বলেন, আমি বিশ্বাস করি, কাউকে সামর্থ্য দেখানোর জন্য আমাদের কেউ খেলে না। আমাদের প্রতিটি সিরিজ থেকে আমাদের অবস্থান ও পারিপার্শ্বিকতা যদি চিন্তা করেন, আমরা এখন ভালো খেলছি। আমাদের কাজ এখন ধারাবাহিকতা ধরে রাখা। আমাদের কাছে প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। সেদিক থেকে আলাদা করে দেখছি না এই সিরিজটা। আমরা যদি ভালো খেলি, সিরিজ জিততে পারি, তাহলে ভালো লাগবে।’
ওয়ানডেতে এ পর্যন্ত ইংলিশদের বিপেক্ষে মোট ১৬ টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ১৩ বারেই জিতেছে ইংলিশরা আর তিন বার বাংলাদেশ। উল্লেখ করার মত হলো, সর্বশেষ দুই ওয়ানডে অর্থাৎ গেল ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই জয় পায় টাইগাররা। তাই এই ম্যাচেও জয় ভিন্ন কিছুই ভাবছে না স্বাগতিকরা।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সফরকারী ইংল্যান্ডকে আতিথ্য দেবে স্বাগতিক বাংলাদেশ।







