প্রথমবারের মতো কলকাতার ছবিতে অভিনয় করছেন ঢালিউড কিং খান শাকিব খান। কিন্তু বর্তমানে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’র শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বোলপুরে ছবিটির শুটিং চলাকালীন সময়ে এমন ঘটনা ঘটে।
কলকাতার বেশকিছু গণমাধ্যম জানিয়েছে, প্রযোজনা সংস্থা এসকে মুভিজের সঙ্গে ‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’র (এফসিটিডব্লুইআই) বিরোধের ফলেই এমনটা ঘটেছে। এমনকি খোদ হিমাংশু ধানুকাও ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকেই দায়ী করেছেন।
জানা যায়, গত ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল বোলপুরে তাদের ছবির শুটিংয়ের কথা ছিলো। কিন্তু হঠাৎ করেই কলকাতার ফেডারেশন শুটিং বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়।
প্রযোজনা সংস্থা এসকে মুভিজের হিমাংশু ধানুকা গণমাধ্যমকে জানিয়েছেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক অপর্ণা ঘটকের স্বামীর প্রতিষ্ঠান থেকে ডান্সার না নেওয়ার কারণেই এই ঝামেলার তৈরি হয়েছে।
সেই ঝামেলা শেষ হতেই আবারো আপত্তি আসে ২৮ এপ্রিল। ২৯ এপ্রিল থেকে বোলপুরে দ্বিতীয় দফায় শুটিং করার কথা থাকলেও তা আর করতে পারছেন না।
এ প্রসঙ্গে অবশ্য ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, শুটিং শুরুর অন্তত ১৫দিন আগে অনুমতি নিতে হয় কিন্তু এসকে মুভিজ সেই কাজটি করেনি। এ কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে শিকারি’র শুটিং। এসকে মুভিজের সঙ্গে এমন ঘটনা আশিকী’ ছবির ক্ষেত্রেও হয়েছিলো।










