বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন হচ্ছে আজ শনিবার। সব কিছু ছাপিয়ে
নির্বাচনে আলোচনায় সভাপতি পদ নিয়ে দুই প্যানেলের লড়াই। বর্তমান সভাপতি কাজী
সালাউদ্দিনের সঙ্গে লড়ছেন ‘বাঁচাও ফুটবল’প্যানেলের কামরুল আশরাফ এমপি।
চার বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। সারাদেশ থেকে এসেছেন কাউন্সিলররা। রাজধানীর রেডিসন হোটেলে সকালে বাফুফের এজিএম-এর পর দুপুর থেকে শুরু হয় ভোটগ্রহণ।
সর্বমোট ১৩৪ জন ডেলিগেটের ভোটে আগামী চার বছরের জন্য নির্বাচিত হবে বাফুফের পরিচালনা পরিষদ। ভোট দিতে সারাদেশ থেকে রেডিসনে এসে পৌঁছান প্রার্থী-কাউন্সিলরা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি পদে আগেই নির্বাচিত হয়েছেন সালাম মুর্শেদী। শনিবার নির্বাচিত হবেন একজন সভাপতি, চারজন সহ-সভাপতি এবং ১৫জন সদস্য। তারাই হবেন আগামী চার বছরের জন্য বাংলাদেশ ফুটবলের কান্ডারি।
২০০৮ সালে প্রথমবার বাফুফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের ফুটবল লিজেন্ড কাজী মোহাম্মদ সালাউদ্দিন। আর ২০১২’র নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সভাপতি হন তিনি। তবে এবারের পথটা আগের চেয়ে অনেক বেশি কঠিন।
শনিবার নির্বাচিত হলে কাজী সালাউদ্দিনই হবেন বাংলাদেশ ফুটবলে সবচেয়ে বেশিবার নির্বাচিত প্রেসিডেন্ট।







