‘বড় টার্গেট দিতে পারলে অসম্ভব কিছু না’

শাকিব আল হাসান সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করে হাসিমুখে কথা বলছেন, বাংলাদেশের ক্রিকেটের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টের ভাগ্যে কী লেখা আছে, তৃতীয় দিন শেষেও তা আঁচ করা কঠিন! জয়, পরাজয় বা ড্র, সম্ভাব্য তিনটি ফলই সামনে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভাল করে অস্ট্রেলিয়াকে বড় টার্গেট দিতে পারলে জয়ও অসম্ভব নয় বলে মনে করছেন মোস্তাফিজুর রহমান।
‘এখনও দুই দিন আছে। যদি আমরা খুব ভাল করতে পারি, তাহলে অসম্ভব কিছু না। আর একটা উইকেট নিতে হবে। আমাদের ব্যাটসম্যানরা যদি বড় টার্গেট দিতে পারি, অসম্ভব কিছু না।’
তৃতীয় দিনের খেলা শেষে সরাসরি জয়ের কথা মুখে না আনলেও ফিজ আসলে বোঝাতে চেয়েছেন সেটিই।
বুধবার ৭২ রানে এগিয়ে থেকে এক উইকেট হাতে রেখে ব্যাটিংয়ে নামবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের করা ৩০৫ রানের জবাবে অজিরা তুলেছে ৯ উইকেট হারিয়ে ৩৭৭ রান।
স্বাগতিকরা এই মুহূর্তে কিছুটা ব্যাকফুটে থাকলেও তামিম-সাকিব-মুশফিকরা ব্যাট হাতে জ্বলে উঠলে কঠিন হতে পারে অস্ট্রেলিয়ার পথ। তখন চতুর্থ ইনিংসে ব্যাট করার কঠিন কাজটাই করতে হবে অজিদের। তার আগে পারতে হবে টাইগার ব্যাটসম্যানদেরও। তাহলেই জয়ের সুযোগের সামনে দাঁড়াতে পারবে বাংলাদেশ।
ছবি: সাকিব উল ইসলাম






