অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ উপলক্ষে প্রকাশিত হচ্ছে সময়ের প্রতিশ্রুতিশীল লেখক সোহেল বীরের নির্বাচিত কিশোর গল্পের বই ‘পোড়াবাড়ি রহস্য’। বইটি প্রকাশ করছে দাঁড়িকমা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন।
গ্রাম্য কিশোরদের দস্যিপনা-পুকুরে দাপাদাপি, বাবুদের বাগান থেকে আম পেড়ে খাওয়া, মৌচাক থেকে মধু সংগ্রহ করার অদম্য চেষ্টা কিংবা শত বছরের পুরনো পোড়াবাড়ির রহস্য উন্মোচন করার গল্প খুঁজে পাওয়া যাবে ‘পোড়াবাড়ি রহস্য’ বইয়ে। এছাড়া মহান মুক্তযুদ্ধে শহিদ একজন বীর মুক্তিযোদ্ধার যুদ্ধদিনের অজানা গল্প জানা যাবে।
নতুন এই বই সম্পর্কে বলতে গিয়ে লেখক সোহেল বীর বলেন: পোড়াবাড়ি রহস্য বইয়ের নয়টি গল্পই কিশোর উপযোগী। কিছু গল্প আনন্দের, কিছু কষ্টের। কিছু গল্প দুঃসাহসিক অভিযানের। শুধু কিশোররা নয়, বড়রাও এই গল্পগুলো পাঠে অনেক আনন্দ পাবেন এবং মুহূর্তে হারিয়ে যাবেন তাদের স্মৃতিময় কৈশোরে।
নতুন এই বই নিয়ে লেখক উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নিজের চতুর্থ বইটি পাঠক সমাদৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অমর একুশে গ্রন্থমেলায় দাঁড়িকমা প্রকাশনীর ৬৬৬ স্টলে বইটি পাওয়া যাবে। এছাড়া চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগীয় বইমেলা থেকে ‘পোড়াবাড়ি রহস্য’ বইটি সংগ্রহ করা যাবে।










