আগামীকাল ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে সামনে রেখে ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
পোস্টে কয়েকজনের অতীত তুলে ধরে লিখেন, শহীদ সৈয়দ নজরুল ইসলামকে দেখেছি ছোটবেলায়। ময়মনসিংহে, উনার বাসায়, আমাদের বাসায়। দেখেছি ৩৬, মিন্টো রোডে, উনার সরকারি বাসায়। আমার বাবা ছিলেন তার প্রিয়তম ছাত্র, শিষ্য। আব্বার মুখে গল্প শুনেছি, তিনি নাকি দুর্দান্ত টেনিস খেলতেন। আব্বা টেনিস কোর্টের পাশে উনার জ্যাকেট হাতে নিয়ে অপেক্ষা করতেন। জয় বাংলা আর জয় বঙ্গবন্ধুর পর আমার শেখা তৃতীয় শ্লোগান- ‘বাংলার বুলবুল, সৈয়দ নজরুল’।
এরপর তিনি আরো লিখেন, ‘শহীদ তাজউদ্দীন আহমেদ- একজন মানুষ কতটা মেধাবি আর দেশপ্রেমিক হতে পারে তার উদাহরণ দিতে পারে বাংলাদেশ, আপনার নামে।
মনসুর আলী সম্পর্কে তিনি লিখেন, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী- আপনি ছিলেন স্থিতধী এক নেতা যিনি প্রতিটি ষড়যন্ত্রের বাঁকে তীক্ষধার তরবারির মতো থাকতেন বঙ্গবন্ধুর পাশে, নির্ভয়, নেতার প্রতি অটুট আস্থা নিয়ে।
শহীদ কামরুজ্জামান- আপনার ডাকনাম ছিল হেনা। হেনা মানে মেহেদি। আম্মার মুখে শুনেছি, ভালোবাসতেন পান খেতে, গান গাইতে, কবিতা লিখতে। জমিদারের সন্তান নেমে এসেছিলেন সাধারণের কাতারে। আপনার স্বপ্নবান দুটি চোখ আমাকে এখনো পোড়ায়।’
শেষে মাহবুবুল হক লিখেন, আগামীকাল ৩ নভেম্বর। ১৯৭৫ এর এই রাতে আপনারা জীবন দিয়ে প্রমাণ করেছেন, এদেশে মীরজাফর বা মোশতাকরাই জন্মায় না। জন্মায় মোহনলাল, নজরুল, তাজউদ্দীন, মনসুর আলী আর কামরুজ্জামানরাও।







