হাতে রেকর্ডের হাতছানি। তাতে বৃষ্টির বাগড়া। ভারতের তবু কোনও ক্ষতি হয়নি, ম্যাচের দৈর্ঘ্য কমেছিল এই যা। ছয় ওভারে ৪৮ রানের লক্ষ্যকে হেসেখেলেই তিন বল বাকি থাকতে জিতে নিয়েছে ভারত। সঙ্গে ছোঁয়া হয়ে গেছে একটি মাইলফলকও।
রাঁচিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টি-টুয়েন্টিতে চতুর্থ দল হিসেবে ৫০তম টি-টুয়েন্টি জিতল ভারত। এর আগে এই কীর্তি আছে সাউথ আফ্রিকা, পাকিস্তান এবং শ্রীলঙ্কার।
নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথের অনুপস্থিতিতে নেতৃত্ব-ভার পেয়েও দলকে জয় এনে দিতে পারেননি ডেভিড ওয়ার্নার। ওয়ানডের মতো টি-টুয়েন্টিতেও সেই ভগ্নদশা অজিদের। পুরো ২০ ওভার খেলে তারা করতে পারে ১১৮। তাও ৮ উইকেট হারিয়ে। সর্বোচ্চ ৪২ রান করেন ওপেনার অ্যারন ফিঞ্চ।
চার ওভারে ১৬ রান দিয়ে দুই উইকেট। বোলিংয়ে ভারতের নায়ক কুলদ্বীপ যাদব।
বৃষ্টির কারণে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ছয় ওভারে ৪৮। তারকাখচিত ব্যাটিং লাইনে পতন কেবল রোহিত শর্মার। অধিনায়ক কোহলি করেন ১৪ বলে ২২ আর শিখর ধাওয়ানের সংগ্রহ ১২ বলে ১৫।









