কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির পিক্সেল ২ ও পিক্সেল ২ এক্সএলকে প্রিমিয়াম হ্যান্ডসেট বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের জন্য হুমকি মনে করছে প্রযুক্তিবিদরা।
গুগলের সিইও সুন্দর পিচাই কৃত্রিম বুদ্ধিমত্তার বড় ভক্ত। তার বিশ্বাস কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের কাজ এবং প্রবৃদ্ধির পুরো সিস্টেমকেই পরিবর্তন করে দেবে।
স্মার্টফোনে এআই প্রযুক্তির ব্যবহার এর আগেই হয়েছে, অ্যাপলের সিরি এবং স্যামসাংয়ের বিক্সবি মানুষ ও ডিভাইসের মধ্যে যোগাযোগের এক নতুন দ্বার উন্মোচন করেছে। এ তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে গুগল। গুগল তাদের দ্বিতীয় প্রজন্মের পিক্সেল ব্র্যান্ডের স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট সেবা যুক্ত করেছে। শুধু তাই নয়, গুগল তাদের ভয়েস সমর্থিত হোম স্পিকার, পিক্সেলবুক ল্যাপটপ, ওয়্যারলেস ইয়ারবাড, ক্ষুদ্রাকৃতির ক্যামেরার পাশাপাশি সফটওয়্যার ও এআই সমর্থিত মোট আটটি হার্ডওয়্যার যুক্ত করেছে।
গুগলের পিক্সেল ব্র্যান্ডের দুই ডিভাইসকে বৈশ্বিক প্রিমিয়াম স্মার্টফোন বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের জন্য হুমকি মনে করা হচ্ছে।
স্মার্টফোন বাজারে গত বুধবার উন্মোচিত গুগল পিক্সেল ২ ও পিক্সেল ২ এক্সএলের ভালো ব্যবসা করার সুযোগ রয়েছে। অ্যাপলের আইফোন এবং স্যামসাংয়ের গ্যালাক্সি ও নোট সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসের তীব্র প্রতিদ্বন্দ্বী হবে এ দুই ডিভাইস।
গুগল পিক্সেল ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন গত বছর উন্মোচন করেছিল। বিশ্ববাজারে এখন পিক্সেল স্মার্টফোনের দখল দাঁড়িয়েছে ২ শতাংশের কিছু কম।






