৮৯ বছরে পা রাখলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ইন্দোরে জন্ম নিয়েছিলেন সংগীতের এই স্বনামধন্য শিল্পী।
যুগ যুগ ধরে উপমহাদেশের সংগীতে রানীর আসন দখল করে আছেন লতা মঙ্গেশকর। ভারতীয় চলচ্চিত্রের গানে তাকে অমূল্য সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।
১৯২৯ সালের এই দিনে ব্রিটিশ ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা। তার বাবা পণ্ডিত দ্বীননাথ মঙ্গেশকর ছিলেন শাস্ত্রীয়সংগীত শিল্পী ও মঞ্চ অভিনেতা। মা শিবন্তি ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই গানের প্রতি ঝোঁক ছিল লতার। তাই পরিবারের উৎসাহে গানের চর্চাও শুরু করেন তিনি।
মাত্র ১৩ বছর বয়সে পেশাগত শিল্পী হিসেবে পরিচিতি পান লতা। এক হাজারেরও বেশি হিন্দি সিনেমায় গান গেয়েছেন কিংবদন্তি এই সংগীতশিল্পী। হিন্দিসহ বিশ্বের মোট ২৬টি ভাষায় গান করেছেন তিনি। এ ছাড়া ভারতের ২০টি আঞ্চলিক ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটিও তারই দখলে।

২৫ হাজারেরও বেশি গান গেয়ে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড’-এও নামও লিখিয়েছেন এ গায়িকা। এ জন্য ভারতের ইতিহাসের সর্বাধিক সফল নারী প্লেব্যাক শিল্পী হিসেবে ধরা হয় লতা মঙ্গেশকরকে।
সংগীতে অসামান্য অবদানের জন্য লতা মঙ্গেশকর পেয়েছেন পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার, এনটিআর জাতীয় পুরস্কার, ও ভারতরত্নসহ দেশি বিদেশী অনেক পুরস্কার।







