৪৭ জন আরোহী নিয়ে পাকিস্তানের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমানটি দেশটির উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয় বলে জানা গেছে।
এয়ারলাইন্সটির পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, পিকে-৬৬১ নামের ফ্লাইটটি চিত্রাল থেকে ইসলামাবাদ যাওয়ার পথে হঠাৎ করেই বিকেলের দিকে যোগাযোগবিচ্ছিন্ন হযে পড়ে। এরপরই এয়ারক্রাফটটির অবস্থান নির্ণয়ে কাজ করা শুরু করে সংশ্লিষ্টরা।
বিধ্বস্ত বিমানে পাকিস্তানি গায়ক ও ধর্মপ্রচারক জুনায়েদ জামশেদ ছিলেন বলেও জানা যায়।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, প্লেনটি ইসলামাবাদ থেকে ৭০ কিলোমিটার দূরে হেভালিয়ানে নেমে পড়েছে।
এর আগে ২০০৬ সালে পাকিস্তানে এক বিমান দুর্ঘটনায় ৪৪ জন মারা যায়। এমন ঘটনার পর নিরাপত্তা ঝুঁকির প্রশ্নে ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়ন এই এয়ালাইন্সের সব ফ্লাইট নিষিদ্ধ ঘোষণা করে।
গত ২৮ নভেম্বর ব্রাজিলের একটি ক্লাবের ফুটবলারসহ ৭৭ জন আরোহী নিয়ে কলম্বিয়ায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনাও সাড়া ফেলে সারা বিশ্বে। বলিভিয়া থেকে ছেড়ে যাওয়া বিমানটি কলম্বিয়ার মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে স্থানীয় সময় মধ্যরাতে বিধ্বস্ত হয়। সেখান থেকে ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।







