মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমদের উপর গুলি করা ছাড়াও তাদের বাড়ি-ঘরে আগুন দিয়েছে দেশটির সেনাবাহিনী। স্যাটেলাইটে এ চিত্র দেখা গেছে বলে দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ। রাখাইন রাজ্যর ১০০ কিলোমিটার পর্য়ন্ত আগুন দিয়ে রোহিঙ্গাদের উচ্ছেদের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব মানবাধিকার সংগঠন।
ধারণা করা হচ্ছে এই ঘটনার পর প্রায় তিন হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের দেয়া তথ্য মতে, রাখাইন রাজ্যের প্রায় দশটি মুসলিম অধ্যুষিত এলাকায় দেশটির সেনাবাহিনী এ হামলা চালায়।
নিরস্ত্র রোহিঙ্গাদের উপরে সেনাবাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা।তারা জানিয়েছেন, হামলার সময় নিরস্ত্র রোহিঙ্গা পুরুষ, নারী এমনকি শিশুরা হঠাৎ আগুনে চিৎকার করে উঠে। এসময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে ঘর-বাড়িতে অগ্নি সংযোগের জন্য স্থানীয় জঙ্গি গোষ্ঠীকে দায়ী করছে মিয়ানমার সরকার।
মিয়ানমারের আরাকান রাজ্যর মুক্তিকামী রোহিঙ্গাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত একশত মানুষ প্রাণ হারিয়েছে। মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ আনা হচ্ছে। জাতিসংঘের মহাসচিব গুতারেসে এক বিবৃতিতে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
২০১৬ সালের হিউম্যান রাইটস ওয়াচের দেয়া এক প্রতিবেদনে রোহিঙ্গা নির্যাতনের যে চিত্র উঠে আসে তার চেয়ে এবারের হত্যাকাণ্ড বেশি নির্মম ছিল।







