সিরিয়ার ঐতিহ্যবাহী প্রাচীন নগরী পালমিরার নিয়ন্ত্রণ ফিরে পেতে আইএস জঙ্গিদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। আইএস এর দেড় শতাধিক আস্তানায় চালানো হামলায় ১শ’র বেশী জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।
গত বছরের মে মাসে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা দখলে নেয় আইএস জঙ্গিরা। রোমান সভ্যতার স্মৃতিবিজড়িত ওই নগরীর দুই হাজার বছর আগের অনেক নিদর্শন সম্পূর্ণ ধ্বংস করে ফেলে জঙ্গিরা। শহরটির নিয়ন্ত্রণ ফিরে পেতে রাশিয়ার বিমান হামলার সহায়তায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে সিরিয়ার সরকারি বাহিনী।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও পর্যবেক্ষক গোষ্ঠীগুলো জানিয়েছে, এরই মধ্যে পালমিরার গুরুত্বপূর্ণ কিছু এলাকার দখলে নিয়েছে সেনারা। জঙ্গিদের হটাতে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তারা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আইএস’এর দেড় শতাধিক আস্তানায় হামলা চালিয়ে শতাধিক জঙ্গিকে মেরে ফেলা হয়েছে ।
আইএস জঙ্গিরা শহরের বাসিন্দাদের পালিয়ে যেতে সতর্ক করে দেয়ার পরই জঙ্গি নির্মূলে অভিযানে নামে সিরিয়ার সরকারি বাহিনী।






