মাত্র ৪৫ বছর বয়সে চলে গেলেন বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বরিশাল ব্যুরো চিফ লিটন বাশার। ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে বরিশালের চরমোনাই গ্রামে নিজের বাড়ীতে অবস্থানকালে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সকাল সোয়া ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপুর ২টায় বরিশাল অশ্বিনী কুমার হলের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সামনে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর তাকে গ্রামের বাড়ীতে দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবার।
মাত্র ৫ বছর আগে বিবাহিত এ তরুণ চার বছর বয়সী ফুটফুটে এক সন্তানসহ স্ত্রী, মা-বাবা, চার ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
লিটন বাশার তার বর্ণিল কর্মজীবনে বরিশালের স্থানীয় পত্রিকা দৈনিক শাহনামা থেকে সাংবাদিকতা শুরু করেন। পরে স্থানীয় দৈনিক সকালের খবর, দৈনিক আজকের বার্তা, দৈনিক পরিবর্তন পত্রিকায় কাজ করে ঢাকায় বাংলা বাজার পত্রিকায় যোগ দেন। সেখান থেকে বরিশালে ইত্তেফাক অফিসে যোগ দেন। সাংবাদিক বাশারের অকাল প্রয়াণে সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছে।








