দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের শিডিউল পাওয়া পরিচালক-প্রযোজকদের কাছে অনেকটা ‘সোনার হরিণ’ এর মতো। সেখানে তিনি টানা ৩৫ দিন জামালপুর ও টাঙ্গাইলে ‘গলুই’ সিনেমার শুটিং শেষ করেছেন। একটানা শুটিংয়ে আন্তরিকতার কমতি ছিল না জনপ্রিয় এ নায়কের। এমনটাই জানিয়েছেন ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু।
শাকিবের এমন সহযোগিতার কারণে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রযোজক খোরশেদ আলম খসরু। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে সাবেক প্রযোজক নেতা খসরু বলেন, শুটিংয়ের মধ্যে শাকিবকে কয়েকদিন বিশ্রাম নিতে বলেছিলাম, কিন্তু তিনি একটানা কাজ শেষ করেছেন।
যোগ করে খসরু বলেন, শাকিব আন্তরিকতা দিয়ে নিজ দায়িত্বে শুটিং সম্পন্ন করেছে। নির্ধারিত শিডিউলের বাইরে কয়েকদিন সময় দিয়েছেন। ‘গলুই’তে শাকিবকে নিয়ে অভিযোগের কোনো সুযোগ নেই। বরং তিনি হান্ড্রেড পারসেন্ট সহযোগিতা করেছেন। এজন্য তার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। কাজটি ভালো করতে যেভাবে তাকে চেয়েছি, তিনি সেভাবে দিয়েছেন।
খসরু বলেন, ‘গলুই’ এর শুটিং শেষ করে নভেম্বরে আমেরিকায় যান শাকিব। অনুদানের নীতিমালা অনুযায়ী ‘গলুই’ এ বছরের মধ্যে সেন্সর করতে চেয়েছিলাম। ইতোমধ্যে জমা দিয়েছি। শুটিং শেষ করে শাকিবের যেহেতু ডাবিং বাকি তাই আলোচনার ভিত্তিতে আমেরিকা গিয়ে ডাবিং করাই। এখানে সে চাপ দেয় নাই। এই আলোচনা আমাদের মধ্যে মিউচ্যুয়ালি হয়েছে। শাকিব বলেছিলেন, সিনেমা পাঠিয়ে দিতে সে ডাবিং করে পাঠিয়ে দেবে। কিন্তু পরিচালককে তার কাছে পাঠিয়ে আরও ভালোভাবে কাজ শেষ করিয়েছি।
পরিচালক এসএ হক অলিক গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রে গিয়ে ‘গলুই’ সিনেমার ডাবিং সম্পন্ন করেন। শুটিং দেশে হওয়ার পর ডাবিং কেন যুক্তরাষ্ট্রে হলো এ নিয়ে শাকিবের তীব্র সমালোচনা করেন চিত্রনাট্যকার ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। ‘গলুই’ সিনেমার সংশ্লিষ্ট না হয়েও শাকিবের প্রতি ঝন্টুর এমন বিদ্বেষমূলক মন্তব্যের ঘোর বিরোধীতা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপগুলোতে সাধারণ চলচ্চিত্র প্রেমীরাও বলছেন, গুণী ও প্রবীণ নির্মাতা হিসেবে যে কোনো বিষয়ে মন্তব্য করার আগে ঝন্টুর আরো দায়িত্বশীল হওয়া উচিত।
তবে প্রযোজক খসরুর দাবী তিনি এ বিষয়ে অবগত নন। বললেন, শাকিবকে নিয়ে ঝন্টু সাহেবের সঙ্গে ‘গলুই’ নিয়ে কোনোদিন কথাই হয়নি। তিনি কী বলেছেন জানি না। তিনি যদি কিছু বলে থাকেন এটার তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার কিছু বলার নেই। তবে শাকিবের সঙ্গে আলোচনায় করেই আমি ও পরিচালক নিজেদের সিদ্ধান্তে আমেরিকায় ডাবিংয়ের সিদ্ধান্ত নেই।









