ইউরোপা লিগ ও কোপা ডেল রে থেকে ছিটকে গেলেও লা লিগায় শিরোপা জয়ের লড়াইয়ে এখনো টিকে আছে টেবিলের দুইয়ে থাকা বার্সেলোনা। অবশ্য সেটা শুধু কাগজে-কলমেই, বাস্তবে ঘটতে গেলে অসম্ভব সব হিসাব-কিতাব মিলতে হবে। কোচ জাভি হার্নান্দেজ তাই বলেই দিলেন, লিগসেরা হওয়া সম্ভব নয় তার দলের। সবাইকে বাস্তববাদী হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
‘বাস্তববাদী হতে শিখুন। এই অবস্থান থেকে লা লিগা জেতা সত্যিই অসম্ভব। গত কিছুদিনের খেলায় আমরা নিজেদের হারিয়ে ফেলছি। নিজেদের ফিরে পেতে চাই। ধৈর্য ধরতে হবে আমাদের। প্রজেক্টের কেবল প্রথম বছর পার করছি।’
চলতি মৌসুমে লিগ টেবিলে দ্বিতীয় অবস্থান ধরে রাখতে ও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে লড়বে জাভির দল, এমনটাই জানিয়েছেন ৪২ বর্ষী স্প্যানিশ কোচ।
‘এ মৌসুমে আমরা এখনো অনেককিছুর জন্য লড়ছি। লা লিগায় দ্বিতীয় অবস্থান ধরে রাখতে হবে। চ্যাম্পিয়ন্স লিগেও জায়গা নিশ্চিত করতে হবে। আগামী বছর শিরোপা জেতার জন্য লড়ব।’
ছোট কাটিয়ে দীর্ঘ বিরতি শেষে রিয়াল মায়োর্কার বিপক্ষে ফিরছেন স্প্যানিশ তারকা আনসু ফাতি। তবে পিকের ফিরতে দুই-তিন মাস লাগবে বলে মনে করেন তিনি।
‘সবকিছু ঠিক থাকলে রিয়াল মায়োর্কার বিপক্ষে মাঠে ফিরবে ফাতি। অনুশীলনে বেশ ভালো করছে। পিকের ব্যাপারটা তার উপর নির্ভর করছে। দুই-তিন মাস সময় লাগবে হয়ত। আমরা চালিয়ে নেবো।’







