যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেছেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) অর্থ বিষয়ক চেয়ারম্যান স্টিভ উইন।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, মার্কিন ক্যাসিনো (জুয়া) জগতের মোঘল বা সম্রাট বলে পরিচিত ৭৬ বছর বয়সী এই শত কোটিপতির বিরুদ্ধে এক ম্যাসাজ থেরাপিস্টকে যৌন হয়রানি এবং নিজ অফিসের আরেক কর্মীকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ উঠেছে।
উইন অবশ্য এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে সেগুলোকে ‘একেবারেই অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন। তার দাবি, এসব ‘কুৎসা’ রটাচ্ছেন তার প্রাক্তন স্ত্রী।
বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যম বরাবর পাঠানো এক বিবৃতিতে উইন বলেছেন, ‘এসব অভিযোগের পেছনে প্ররোচনা দেয়া আমার সাবেক স্ত্রী ইলেইন উইনেরই ধারাবাহিক অপচেষ্টার অংশ, যার সঙ্গে আমার একটি ভয়াবহ নোংরা আইনি লড়াই চলছে।’
ওয়াল স্ট্রিট জার্নাল স্টিভ উইনের সঙ্গে কাজ করেছেন এমন ২০/২৫ জনের সাক্ষাৎকার নিয়েছে বলে জানিয়েছে। তাদের দেয়া তথ্য অনুসারে, উইনের ক্যাসিনোর স্যালনে কাজ করা নারীরা সারাক্ষণ হয়রানির ভয়ে তটস্থ থাকতেন। প্রায়ই ম্যাসাজ থেরাপিস্টদের নিজ অফিসে ডেকে নানাভাবে যৌন হয়রানি করতেন উইন।
তার কাছ থেকে বাঁচার জন্য যখনই উইন তাদের কাউকে ডেকে পাঠাতেন, তারা চেষ্টা করতেন ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট আছে – এ অজুহাতে পালিয়ে যেতে। যেন উইনের সঙ্গে কাউকে একা থাকতে না হয়। এমনকি উইন স্যালনের দিকে আসছেন শুনলে কেউ কেউ বাথরুম বা ক্লজেটেও লুকিয়ে পড়তেন।
পত্রিকাটি দাবি করেছে, নিজ মালিকানাধীন ওই স্যালনের একজন ম্যানিকিউরিস্টকে স্টিভ উইন জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের বিনিময়ে ৭৫ লাখ মার্কিন ডলার দিয়েছিলেন। আদালতে পেশ করা কাগজপত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
অভিযোগ স্বীকার না করলেও অভিযোগের মুখে পদত্যাগ করেন স্টিভ উইন। আরএনসি প্রধান রনা ম্যাকড্যানিয়েল তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।







