ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে যানজটে আটকে থাকা বিক্ষুব্ধ লোকজন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামানের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এছাড়াও যানজটে ভোগান্তির শিকার মানুষ দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় রাস্তা অবরোধ ও বিদুৎ এর খুঁটি ফেলে বিক্ষোভ মিছিল করেছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কথা বলতে রাজি হয়নি কেউ।
সোমবার দিবাগত রাত থেকেই যানজটের সৃষ্টি হয়। বর্তমানেও মহাসড়কে ভোগান্তিতে রয়েছে চালক ও যাত্রীরা। গত ২৪ ঘন্টায় প্রায় ৩৫ হাজার গাড়ি মহাসড়ক দিয়ে চলাচল করেছে।
অধিক গাড়ীর চাপে চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৬৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানবাহন চলছে।
তবে মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকা ও উত্তরবঙ্গগামী পরিবহন দাঁড়িয়ে আছে।
জানা গেছে: মঙ্গলবার সকাল থেকে মহাসড়কে অজ্ঞাত কারণে যানজটের সৃষ্টি হয়। আর এই যানজট বঙ্গবন্ধু সেতু হতে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ৬৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃতি ঘটেছে।
অবশ্য মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাকের চাপও দেখা গেছে।
মহাসড়কে এমন যানজটে ভোগান্তিতে পড়ায় দায়িত্বরত জেলা প্রশাসনের গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন। এর আগে ওই গাড়ি ব্যবহার করে দায়িত্ব পালন করছিলেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট।
বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন বলেন: মহাসড়কের টাঙ্গাইলের সদর উপজেলার রসুলপুর এলাকায় ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ মানুষ। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।







