তৃতীয় বিভাগের ম্যাচে নেমেছিলেন, ইলিউপোলির হয়ে খেলার সময় ঘটল বিষাদে ডুবে যাওয়া ঘটনাটি। গ্রীক ফুটবলার অ্যলেক্সান্ড্রে ল্যামপিস হৃদক্রিয়া বন্ধ হয়ে মাঠেই ঢলে পড়লেন, শেষ নিঃশ্বাস ত্যাগের দিনে তার বয়স ছিল মাত্র ২১ বছর।
বুধবার মিউনিসিপ্যাল স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন সময় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ল্যামপিস। স্টেডিয়ামে কোনো ডিফিব্রিলেটর বা অ্যাম্বুলেন্স উপস্থিত না থাকায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি। অ্যাম্বুলেন্সে আসতে খবর দেয়া হলেও পৌঁছাতে ২০ মিনিটের বেশি সময় নেয়। জীবন আর বাঁচানো যায়নি তরুণ ফুটবলারের।
ক্লাবের ওয়েবসাইটে ইলিউপোলি দুঃখ প্রকাশ করে লিখেছে, ‘আমাদের ল্যামপিস, আমাদের বন্ধু, আমাদের ভাই, আপনি এতদ্রুত চলে গেলেন। পুরো দল, পুরো শহর আজ শোকাহত। আপনার পরের জীবন সুন্দর হোক।’
টটেনহ্যামের হয়ে কিছু সময় খেলেছিলেন এ গ্রীক তরুণ।
ম্যাচ চলাকালীন ফুটবলারদের হৃদক্রিয়া বন্ধ হওয়ার খবর নতুন নয়। ২০২০ ইউরোতে ডেনমার্ক ও ফিনল্যান্ডের ম্যাচে ক্রিশ্চিয়ান এরিকসেনের হৃদক্রিয়া বন্ধ হওয়ার ঘটনা ঘটেছিল। আর্জেন্টাইন তাকরা সার্জিও আগুয়েরো তো হৃদরোগ জনিত কারণে ফুটবলকে বিদায়ই বলে দিলেন তাড়াহুড়ো করে।








