সুপার লিগ নিশ্চিত করতে জয়ের বিকল্প ছিল না মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে। লিগপর্বের শেষদিকে এসে খর্বশক্তির দল ব্রাদার্স ইউনিয়নকে পেয়েছিল সাদা-কালো শিবির। ছোট দলের কাছে ১২৯ রানের বড় ব্যবধানে হারে সুপার লিগ অনিশ্চিত ঐতিহ্যবাহী ক্লাবটির। আগামী ২১মে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ওই ম্যাচটি হারলেই শেষ হয়ে যাবে মোহামেডানের সুপার লিগের আশা।
বিকেএসপির তিন নম্বর মাঠে জুনায়েদ সিদ্দিকীর সেঞ্চুরিতে (১১০) লড়াকু পুঁজি পেয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। বৃষ্টির কারণে এক ওভার কমে আসে ম্যাচটি। ৪৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৬ রান তোলে ব্রাদার্স। জুনায়েদ করেন ১১০ রান। ১২৩ বলে ৮টি চারের সাহায্যে ইনিংসটি খেলেন এ বাঁহাতি ওপেনার। অধিনায়ক অলক কাপালি করেন ৫১ রান।
সাজেদুল ইসলাম, তাইজুল ইসলাম ও এনামুল হক জুনিয়র নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি ও শামসুর রহমান শুভ।
জবাব দিতে নেমে ৩৫.৪ ওভারে ১৪৭ রানে থামে মোহামেডান। ওপেনার সৈকত আলী ছাড়া হাল ধরতে পারেননি কেউই। এ ডানহাতি ওপেনার করেন ৭০ রান। তিনে নামা অভিষেক মিত্র করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান।
ইফতেখার সাজ্জাদ রনি একাই নিয়েছেন চার উইকেট। নিহাদউজ্জামান ও কাজী কামরুল নেন দুটি করে উইকেট।
দশম রাউন্ড জিতে অবনমন শঙ্কা এড়িয়েছে ব্রাদার্স। ১০ ম্যাচে তাদের জয় চারটিতে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান আটে।








