লম্বা ছুটি শেষে বার্সেলোনায় ফিরতে শুরু করেছেন মেসি-নেইমাররা। আগামী মৌসুমকে সামনে রেখে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। নতুন মৌসুমের সঙ্গে নতুন কোচ আর্নেস্টো ভালভার্দেকে নিয়েও মেসিদের বিস্তর কৌতূহল। ভালভার্দেকে অসাধারণ দাবি করে মেসি তো জানিয়েই দিলেন, নতুন কোচের অধীনে খেলতে তর সইছে না তার।
‘নতুন কোচের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। তাকে আমার সর্বোচ্চটাই দিতে চাই। আর ভালভার্দে তো আগে থেকেই দেখিয়েছেন কতটা অসাধারণ।’ -বার্সার নতুন জার্সি উন্মোচনের দিনে সাংবাদ মাধ্যমের সামনে এভাবেই মনের দুয়ার খুলে দিয়েছেন মেসি।
মেসির সঙ্গে জার্সি উন্মোচনে ছিলেন নেইমার, আরদা তুরান এবং পিকে। আর্জেন্টাইন অধিনায়কের পাশাপাশি তুরানের কণ্ঠেও ঝরে পড়ল ভালভার্দে প্রশস্তি, ‘অভিজাত দলটিতে ভালভার্দেকে স্বাগতম। তিনি এমন একজন কোচ যিনি সবসময় একটা শক্তিশালী দল তৈরি করেন। অতীতে যখন তার দলের বিপক্ষে আমরা খেলেছি, তখনই বিষয়টা টের পেয়েছি।’
কোচ-শিষ্যরা একে অপরকে বাজিয়ে নেয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছেন ২২ জুলাই থেকে। সেদিন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে জুভেন্টাসের বিপক্ষে নামবে বার্সা। সঙ্গে ক্লাবের হয়ে অভিষেকও হয়ে যাবে ভালভার্দের। তারপরই বড় পরীক্ষা। ২৯ জুলাই যে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।







