ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় একই মঞ্চে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ড মাইলসের সঙ্গে কলকাতার স্থানীয় ব্যান্ড ফসিলসের পারফর্ম করার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই মাইলসের সঙ্গে পারফর্ম না করবেন বলে জানিয়ে দিয়েছেন ব্যান্ড ফসিলস।শুধু তাই নয় পাশাপাশি মাইলসকে বয়কট করার ঘোষণা করেছেন। এমন খবর দিয়েছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী অনলাইন এবেলা।
সংবাদমাধ্যমটি জানায়, বুধবার বালিগঞ্জ ফাঁড়ির সামনে মাইলসকে বয়কট করার দাবিতে জমায়েত হয়েছেন রক-ভক্তরা। বয়কটের কারণ হিসেবে মাইলসের দুই সদস্য হামিন আহমেদ ও শাফিন আহমেদের ফেসবুকে ‘অনবরত ভারতবিরোধী পোস্ট ও মন্তব্যকে উল্লেখ করেছেন।
এ প্রসঙ্গে অবশ্য স্থানীয় ব্যান্ড শিল্পী রূপম ইসলাম বলেন, ‘মাইলসের ভক্ত আমরা সকলে। কিন্তু তাদের এই গুণটা যখন থেকে প্রকাশিত হয়েছে, তখন থেকে আর নয়। যে কোনো কারণে ভারতকে গালি দেওয়াটা ওদের একটা বড় উদ্দেশ্য। কথায় কথায় ভারতকে টেনে এনে গালি দেওয়া। এই ধরনের মানুষ ভারতেই আবার অনুষ্ঠান করতে আসার স্বপ্ন দেখে কী করে? অনুষ্ঠান করতে হলে নিশ্চয়ই ভারতীয় হাইকমিশনে যেতে হয় ভিসা জোগাড় করতে। সেটা কীভাবে হয়? তার যৌক্তিকতা কী, সেটা বুঝতে পারছি না।
তিনি আরো বলেন, ‘অর্গানাইজারেরাও কী করে এই ধরনের ব্যান্ডকে স্বাধীনতা দিবসের কনসার্টের জন্য নির্বাচন করতে পারে, বুঝতে পারছি না। তা সত্ত্বেও আমরা প্রথমে অনুষ্ঠান করতে রাজি হয়েছিলাম। তারপরে যে এত মানুষের দাবি থাকবে আমরা অনুষ্ঠান থেকে সরে দাঁড়াই, সেটা বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তারা চাইছেন না আমরা একই মঞ্চ শেয়ার করি, তখন সরে দাঁড়ালাম।’
স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় ১৩ আগস্টের ওই কনসার্টে পারফর্ম করার কথা মাইলস, ফসিলস ও পাপনের। কিন্তু ফসিলস ফেসবুক পেজে জানিয়েছে, ১৩ আগস্ট ফসিলসের পারফরম্যান্স এখনো নিশ্চিত নয়। এই ঘোষণার পরই ফেসবুকে ‘বয়কট মাইলস নামে একটি পেজ খোলা হয়েছে।








