বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আজ রোববার। যোহর নামাজের আগে লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে ইজতেমা মাঠে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাতকে সামনে রেখে ৫ স্তরের নিরাপত্তায় ঢাকা পড়েছে পুরো টঙ্গী এলাকা।
ঘন কুয়াশা আর কনকনে শীতের মধ্যেই দলে দলে আসছেন মুসল্লিরা। গত ৩ দিনে মাঠ ছাপিয়ে নদীর পাড়, আশেপাশের রাস্তায় অবস্থান নিয়েছিলেন মুসল্লিরা।
মোনাজাতে অংশ নিতে আজ যারা আসছেন তাদের অবস্থান হবে মূল মাঠ থেকে অনেক দূরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। বাড়তি মুসল্লির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে আয়োজকরা।
ভোর থেকেই মহাখালি-টঙ্গী-গাজীপুর রুটে সকল যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। আখেরি মোনাজাতের জন্য অন্যদিনের চেয়ে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে প্রায় দ্বিগুণ আইনশৃংখলা বাহিনীর সদস্য।
এরমধ্যে শেষ হয়েছে আখেরি মোনাজাতের সব আয়োজন। যোহরের নামাজের আগে এই মাঠে হবে প্রথম পর্বের আখেরি মোনাজাত। দু’হাত তুলে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন মুসল্লিরা।
মোনাজাতে অংশ নেয়া এবং মোনাজাত শেষে ফিরে যাওয়ার বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করা করেছে বাংলাদেশ রেলওয়ে এবং বিআরটিসি। আজকের আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।








