চট্টগ্রাম থেকে: বিপিএল অভিষেকে ৫ উইকেট নিয়ে আলো ছড়ানো আফিফ হোসেন ধ্রুব আন্তর্জাতিক মঞ্চেও বল হাতে রাখলেন প্রতিভার ছাপ। আফগানিস্তানের বিপক্ষে শনিবার নিজের প্রথম ওভারেই এ অফস্পিনার তুলে নেন দুটি উইকেট।
চলতি ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আফিফ ব্যাট হাতে মাত্র ২৬ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলে হারতে থাকা দলকে উপহার দেন রোমাঞ্চকর এক জয়। শনিবার সিরিজে প্রথমবার বল হাতে পেয়েই দেখালেন চমক। অলরাউন্ডার সত্ত্বার প্রমাণ দিলেন দেশের জার্সিতে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উইকেটের অপেক্ষায় থাকা বাংলাদেশ দলকে ব্রেক-থ্রু এনে দেন আফিফ। নিজের তৃতীয় ডেলিভারিতে স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা মোস্তাফিজের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন দারুণ খেলতে থাকা হযরতউল্লাহ জাজাইকে (৪৭)। ভাঙে ৭৫ রানের ওপেনিং জুটি।
এক বল পরই ক্যাচ তুলে দেন আসগর আফগান (০)। টাইমিং হেরফের হলে লংঅন থেকে দৌঁড়ে এসে ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। তাতে থামে আফগান-ঝড়। পরে মোস্তাফিজ ও সাকিব আল হাসান একটি করে উইকেট নিলে চাপে পড়ে আফগানিস্তান।
আফিফ তিন ওভারের স্পেলে দিয়েছেন ৯ রান। যার মধ্যে প্রথম ওভারটি মেডেন।
টস জিতে আগে বোলিং বেছে নেয়া বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। দুই পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও শফিউল ইসলামের বল সামলাতে হিমশিম খেতে হয় আফগান ওপেনারদের। ব্রেক-থ্রু পাওয়ার সুযোগও তৈরি হয়। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই শফিউলের বলে রহমতউল্লাহ গুরবাজের সহজ ক্যাচ ছেড়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। তখন গুরবাজ তখন রানের খাতা খুলেছেন মাত্র। যখন আউট হন তখন তার নামের পাশে ২৯ রান।







