কক্সবাজার থেকে: পাকিস্তান ইনিংসের তখন ৩৮তম ওভার। প্যাভিলিয়ন প্রান্ত থেকে বোলিং করছিলেন নাসির হোসেন। সৈকতের লাবনী পয়েন্ট থেকে ধেয়ে আসা তীব্র বাতাসে উল্টে গেল সাইডস্ক্রিন। শুয়ে পড়া সাইডস্ক্রিন সোজা করতে মাঠকর্মীদের সঙ্গে ডাগআউট থেকে ছুটে এলেন আবু হায়দার রনি। খানিক বিরতির পর শুরু হল খেলা।
কক্সবাজার সমুদ্র সৈকতে বৃহস্পতিবার ঘণ্টায় বাতাসের গতিবেগ ১৮ মাইল। সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম। ঝাউবন ভেদ করে আসা বাতাসের মধ্যে চলছে ইমার্জিং টিমস এশিয়া কাপের গ্রুপ সেরা হওয়ার লড়াই। স্বাগতিকদের প্রতিপক্ষ পাকিস্তান।
বাতাসের মাঝে টস জিতে ব্যাটিং নেয়া পাকিস্তান সুবিধা করতে পারেনি। টাইগার বোলারদের তোপে ৩৫ রান তুলতেই চার উইকেট হারায় তারা। হারিস সোহেলের হাফ সেঞ্চুরিতে বিপর্যয় কাটালেও খুব বড় স্কোর গড়া হচ্ছে না তাদের। ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করেছে ১৯৪ রান।







