২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসি-আগুয়েরোদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। তখন আর্জেন্টিনাকে এনেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার নীল-সাদা জার্সিধারীদের আবার বাংলাদেশে আনার উদ্যোক্তা স্বয়ং আর্জেন্টাইনরা।
আর্জেন্টিনা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলতে যাতে ঢাকায় আসে সেজন্য একটি পিটিশন দাখিল করেছেন সেদেশের সমর্থকরা। বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তারা এটি করেছে।
পিটিশনটিতে আড়াই হাজার মানুষ সই দিলেই আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কাছে তা জমা দেয়া হবে। এ পর্যন্ত ১৮০০ জন সম্মতি দিয়েছেন।
তাদের উদ্যোগের কারণ ‘মুণ্ডো আলবিসেলেস্তে’, ‘ক্লারিন’, ‘লা নাসিওনে’র মতো আর্জেন্টিনার বড় বড় সংবাদপত্র মেসিদের নিয়ে বাংলাদেশের মানুষের মাতামাতির ওপর কয়েকটা প্রতিবেদন করেছে।
সেই প্রতিবেদনগুলোর মাধ্যমেই আর্জেন্টাইনরা জেনেছেন বাংলাদেশের মানুষ তাদের দেশের ফুটবলারদের কতটা ভালোবাসেন। এটা দেখে তারা রীতিমতো মুগ্ধ।
আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের প্রধান ক্লদিও তাপিয়াকে অনুরোধ জানানো হবে, বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার একটি প্রীতি ম্যাচ যেন আয়োজিত হয়।







