ঈদ এলেই সালমান খানের সিনেমা বক্স-অফিসে সুনামি বয়ে যায়। সেই প্রমাণ তিনি আরো একবার দিলেন। মাত্র তিন দিনেই সালমান খান অভিনীত ‘সুলতান’ সিনেমা একশো কোটি রুপির মাইলস্টোন পেরিয়ে গেছে। এই নিয়ে সালমানের দশম ছবি পা রাখল একশো কোটির ক্লাবে।
সিনেমা মুক্তির আগেই বড় সাফল্যের ইঙ্গিত ছিল ‘সুলতান’ নিয়ে। প্রথম দু’দিনের কালেকশনই জানিয়ে দিয়েছিল একশো কোটির ক্লাবে পা দেওয়া শুধু সময়ের অপেক্ষা। প্রযোজক আদিত্য চোপড়ার মুখের হাসি তো জানান দিয়েছিল সিক্যুয়েলের ভাবনাও শুরু করে দিয়েছেন তিনি।
ঈদে মুক্তি পাওয়া দাবাং খানের ছবি মানেই বক্স অফিসে ছ্ক্কা। এবারও দেখা গেল সেই একই হাওয়া। প্রথমদিন ছবির ব্যবসা ছিল ৩৬.৫৪ কোটি। বৃহস্পতিবার সুলতানের ঝুলিতে ওঠে ৩৭.৩০ কোটি।
শুক্রবার ছবি তুলে নেয় ৩১.৫০ কোটি টাকা। অর্থাৎ মুক্তির তিন দিনের মধ্যে সালমানের ছবির মোট সংগ্রহ ১০৫.৩৪ কোটি টাকা। আগামী সপ্তাহে ছবিটি একইরকম ব্যবসা করলে দু’শো কোটির ক্লাবে ‘সুলতান’র সাফল্য।
এই নিয়ে একশো কোটির ক্লাবে এন্ট্রি নেওয়া সালমানের দশম ছবি। এ ব্যাপারে শাহরুখকে ছাপিয়ে গেলেন তিনি। শাহরুখের মোট ছ’টি ছবি পা রেখেছে একশো কোটিতে। সেই সঙ্গে নিজের রেকর্ডও ভেঙেছেন সাল্লু ভাই।
এতদিন পর্যন্ত সালমানের ছবির ‘বিগেস্ট ওপেনিং’-এর কৃতিত্ব ছিল কবির খানের ‘বাজরঙ্গি ভাইজান’ ছবির দখলে। এবার সে রেকর্ড থাকল আলি আব্বাস জাফরের ‘সুলতান’ ছবির।
গত ৬ জুলাই সারাদেশে প্রায় ৪৫০০ সিনেমা হলে একযোগে মুক্তি পায় সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত ‘সুলতান’ সিনেমাটি। এরই মধ্যে দর্শক রিভিউয়েও খুব ভালো করে এসেছে রেসলিংয়ের উপর নির্মিত এই সিনেমাটি।








