মুন্সীগঞ্জ প্রতিনিধি: পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহন পারাপারে বিঘ্ন ঘটছে।
শনিবার দুপুরের পরও উভয় পাশে পারের অপেক্ষায় বাস-পণ্যবাহী ট্রাক সহ সহস্রাধিক যানবাহন। এতে উভয় পাশের ঘাটে যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ে এজিএম নাসির মোহাম্মদ চৌধুরি জানান, প্রতিনিয়তই রাতে ১০-১২ ঘন্টা ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটছে। ফলে যানবাহনের রাতের চাপ দিনের বেলা সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে।
এতে শনিবার দুপুরের পর থেকে উভয় পাশের ঘাটে বাস-ট্রাক মিলে সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
এ নৌ-রুটে ১৮ টি ফেরির মধ্যে ১৬ টি ফেরি চলাচল করছে । বাকি দু’টি ফেরি মেরামতের জন্য পাটুরিয়া ভাসমান কারখানায় রয়েছে।







