চলমান এসএসসি ও এসএসসি সমমান ভোকেশনাল, দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধে পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে সরকার। ওই এলাকার মধ্যে কারও হাতে মোবাইল পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিবৃতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়ে হয়েছে।
ওই নির্দেশনায় বলা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করে আসন নিশ্চিত করতে হবে এবং এই সময়ের পর কোন পরীক্ষার্থীকে কোন অবস্থাই কেন্দ্রে প্রবেশ করতে দেয়া যাবে না।
প্রশ্নপত্র ফাঁসরোধে পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরের মোবাইল ফোন ব্যবহার ও পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে ।
এর আগে প্রশ্নপত্র ফাঁসকারীদের ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়াসহ আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তাতেও প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়নি।
প্রশ্নপত্র ফাঁস রোধে রোববার পরীক্ষার দিন আড়াই ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য আজ সকালে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার।








