বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে উল্লেখ করে বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।
আজ (১১ আগস্ট) মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এসময় প্রতিনিধিদলটি প্রায় দুই মাস আগে দায়িত্ব নেওয়া সংগঠনটির নতুন কমিটির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করে।
সাক্ষাৎকালে অ্যামচেমের প্রতিনিধিরা জানান, নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে।
প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে মার্কিন বিনিয়োগকারীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।








