আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহিমান্বিত রাত পবিত্র শবেবরাত। মহান আল্লাহ তাআলার রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর মগ্ন ছিলেন ইবাদত বন্দেগি ও জিকির আসকারে।
হাদিসে আছে মহিমান্বিত এই রাতে মহান আল্লাহ তাআলা তার তিনশ দরজা খুলে বান্দার সবচেয়ে কাছাকাছি প্রথম আসমানে নেমে আসেন। এই রাতেই মানুষের ভালো মন্দের আমলনামা তুলে ধরা হয় মহান আল্লাহ পাকের দরবারে।
সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল আর গুনাহ থেকে পানাহ চাওয়ার রাত হিসেবে শবে বরাতের রয়েছে অতুলনীয় মর্যাদা। তাই নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগী, জিকির-আসকার আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ফজিলতের এই রাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
শবে বরাতের এই মহিমান্বিত রাতে প্রিয়জনদের কবর জিয়ারত করে তাদের মাত্মার মাগফেরাত কামনা করেন স্বজনরা। অনেকে মুক্ত হস্তে দান খয়রাত করেছেন ফজিলতের এই রাতে।
ফজরের নামাজে মোনাজাতের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র শবে বরাত। মহিমান্বিত রাত বার্তা দিয়ে গেল রমজানের। আর কদিন পরেই আসছে মুসলমানদের আত্মশুদ্ধি আর সংযমের মাস মাহে রমজান।







