বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (ইউজিসি) অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন: ‘দেশের কল্যাণের জন্য শুধুমাত্র একাডেমিক শিক্ষা নয়, নৈতিক শিক্ষারও প্রয়োজন আছে। একজন ভাল ছাত্র হলে কেবল ভালো গবেষক হওয়া যায় তবে একজন দক্ষ ও আদর্শবান শিক্ষক হতে হলে তার আলাদা গুন থাকতে হয়।’
শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষক সমিতি আয়োজিত ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব, কর্তব্য, অধিকার ও বিধিবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি’ বিষয়ক এক সেমিনার তিনি এ কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন: ‘আমাদের দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান কৃষকদের। কিন্তু তাদের বেশির ভাগই অক্ষর জ্ঞানসম্পন্ন নয়। তারা নৈতিক জ্ঞানে গুনান্বিত। তাই সকল শিক্ষকদের উচিত তাদের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান করা। আর ভালো ছাত্র হলেই ভালো শিক্ষক হওয়া যায় না। আর শিক্ষার্থীরা কিছু না শিখতে পারলে দেশ ও জাতির কল্যাণ হবে না।’
অনুষ্ঠানে রাবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, রাবির সাবেক উপাচার্য অধ্যাপক এম সাইদুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা প্রমুখ।
এসময় ছাত্র শিক্ষকের সম্পর্ক নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন: ‘বর্তমানে বেশির ভাগ শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে বন্ধত্বপূর্ণ সম্পর্ক নেই। ছাত্র শিক্ষকের সম্পর্ক হবে মধুর। এই সম্পর্ক তৈরিতে শিক্ষকদের বড় অবদান রাখতে হবে। ছাত্ররা শিখবেন আর শিক্ষক শিখাবেন এটাই নিয়ম। সেই শিক্ষা হবে নীতি, আদর্শ, দায়িত্ব-কর্তব্য ও দেশপ্রেম।’
উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন: ‘আমার শিক্ষার্থীরা আজ উচ্চশিক্ষিত জাতি হিসেবে সুপ্রতিষ্ঠিত হচ্ছে। তারা কতোটা নৈতিক হচ্ছে তা আমি জানি না। একটি সন্তানকে নৈতিকতা শিক্ষা দিতে হলে বাবা-মাকে উচ্চশিক্ষিত হতে হবে তা নয়। নিরক্ষর হলেও সন্তানকে নৈতিকতার শিক্ষা দেওয়া যায়।’
শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীবের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন।
এই কর্মশালায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য এবং শিক্ষকতা সংশ্লিষ্ট বিধিবিধান ও শিক্ষকদের অধিকার নিয়ে তিনটি একডেমিক অধিবেশন অনুষ্ঠিত হয়।







