উন্নয়নের পাশাপাশি নারায়ণগঞ্জের যেখানে অন্যায়-অত্যাচার হবে সেখানে কারো ভয়ে থেমে যাবেন না বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
রোববার সকালে নগরীর আমলাপাড়া দরগাহবাড়ি এলাকায় সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি জানি বহু মানুষ ভয়ে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। কিন্তু আমি তাদেরই একজন হয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাই।
যার যার অবস্থান থেকে মানুষের সেবা করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে আইভী বলেন, মানুষের সেবা না করে যারা নিজেদের স্বার্থের কথা ভাবে, তারা রাজনীতির নামে মানুষকে ব্যবহার করে। এই ধরণের অপরাজনীতি পরিহার করতে হবে।
রোববার সকালে উদ্বোধন করা এই প্রকল্পের আওতায় নগরীর আমলাপাড়া, মাসদাইর, গলাচিপা, জামতলা, আল্লামা ইকবাল রোড, নবাব সিরাজদ্দৌলা রোড ও নবাব সলিমুল্লাহ রোডে সিসি রোড ও ব্রিক ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে।
১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








