মাতৃত্বকালীন বিরতি শেষ। আবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী নাটালি পোর্টম্যান। তার এবারের মিশনের নাম ‘ব্রনকো বেল’। সেখানে এক অদম্য সাহসী নারীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। ছবির গল্পে নারীর ক্ষমতায়নকে তুলে ধরা হয়েছে। আর এ জন্য পরিচালক অ্যানা রোজ হোলমার ভরসা রেখেছেন নাটালির ওপর।
ছবির কাহিনী জুড়ে বেশ ভালোই চমক রেখেছেন তিনি। একগুয়ে স্বভাবের নাটালি এখানে একজন ‘বুল রাইডার’। ষাড়ের পিঠে চড়ে দৌড় প্রতিযোগিতায় প্রথম হওয়ার স্বপ্ন তার।কিন্তু এ খেলা যে একেবারেই পুরুষদের জন্যই নির্ধারন করে রেখেছে সমাজ। তাতে কী? অসীম সাহসী হাইলেনি জ্যাকসন (নাটালি) থেমে যাননি। বরং এগিয়ে গেছেন সব বাঁধা পেড়িয়ে। আর তাই তার এই স্বপ্ন জয়ের গল্প উঠে এসেছে সেলুলয়েডের পর্দায়।
তবে পরিচালক অ্যানা রোজ হোলমারের সঙ্গে নাটালির কাজের অভিজ্ঞতা নতুন নয়। এর আগে জেমস ব্ল্যাকের ‘মাই উইলিং হার্ট’ গানের মিউজিক ভিডিওতে তারা একসঙ্গে কাজ করেছেন।
এ বছর ২২ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ নেন নাটালি পোর্টম্যান। এ কারণে এবারের অস্কার আসরে দেখা যায়নি তাকে। টাইমস অব ইন্ডিয়া।








