দ্বিতীয় নতুন বলটা নতুনই ছিল! আগের দিনে ব্যবহার হয়েছিল মাত্র চার ওভার। নতুন দিনে সেটা কাজে লাগিয়ে আশা ছিল নতুন শুরুর। কিন্তু নতুন দিনেও সেই পুরনো বাংলাদেশেরই দেখা মিলল।
পচেফস্ট্রমে টেস্টের দ্বিতীয় দিনে সাউথ আফ্রিকার সংগ্রহটা টেনে নিচ্ছেন অপরাজিত থেকে রাত পার করা দুই ব্যাটসম্যান ডিন এলগার ও হাশিম আমলাই। এলগার পেরিয়ে গেছেন দেড়শর ঘর, আমলা সেঞ্চুরির। স্বাগতিকরা সেখানে সংগ্রহটা টেনে নিয়েছে চারশর ওপারে।
প্রোটিয়াদের দ্বিতীয় দিনের রানের চাকা ঘোরার শুরুটা হয়েছিল দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই, মিরাজকে বাউন্ডারি ছাড়া করার মধ্য দিয়ে। পরে সেই চাকা আর থামেনি।
শুক্রবার মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ১১৭ ওভারে ১ উইকেটে ৪১১ রান সংগ্রহ সাউথ আফ্রিকার। এলগার ১৭২ রানে, সঙ্গী হাশিম আমলা হাঁটছেন ১৩৭ রান নিয়ে।
আমলার ক্যারিয়ারের ২৭তম শতক এটি। যা দিয়ে গ্রায়েম স্মিথের সাউথ আফ্রিকান রেকর্ড স্পর্শ করেছেন। ১১৭ টেস্টে ২৭টি সেঞ্চুরি করেছিলেন সাবেক অধিনায়ক স্মিথ। আমলা সেটি ছুঁয়ে ফেললেন ১০৮ টেস্টেই। ৪৫টি সেঞ্চুরি নিয়ে সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস আছেন প্রোটিয়াদের মধ্যে সবার উপরে।








