নটরডেম কলেজের নাট্যেৎসবে উপস্থিত থেকে ১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির সরাসরি প্রচারণা। এতে উপস্থিত থাকবেন পরিচালক ফারুকীসহ অভিনেত্রী তিশা ও ডুব বাহিনী। ব্যান্ড দল চিরকুট তাদের ‘আহারে জীবন’ গান গাইবে এই প্রচারণায়।
পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘১৪ অক্টোবর থেকে ‘ডুব’ এর ফিজিক্যাল প্রচারণা শুরু করছি আমরা। নটরডেম কলেজের নাট্যেৎসব হচ্ছে। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক ছেলেমেয়ে থাকবে। তাদের মাঝে আমরা ডুব নিয়ে আলোচনা করব। আড্ডা দেব। চিরকুট গান শোনাবে।’
২৭ অক্টোবর ‘ডুব’ মুক্তি পাওয়ার আগ পর্যন্ত নানা আঙ্গিকে প্রচারণা বলবে জানান তিনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ‘ডুব’-এর টিম যাবে বলে জানান পরিচালক ফারুকী।
নানা কারণে আলোচিত ছবিটি মুক্তির আগে সেন্সর বোর্ডে আটকে যায়। পরে কিছু দৃশ্য কর্তন সাপেক্ষে অনুমোদন পায়। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে এসকে মুভিজ ও ইরফান খান।
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান। এছাড়া অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী প্রমুখ।







