ডাকসু নির্বাচনের দাবিতে ক্যাম্পাসের ভিসি চত্বরে এবার গণসংযোগে বসেছেন সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটের এমএসএস (সান্ধ্যকালীন) কোর্সের দশম ব্যাচের শিক্ষার্থী ওয়ালিদ আশরাফ। এর আগে একই দাবিতে টানা ১৪ দিন অনশন করেন তিনি।
বৃহস্পতিবার থেকে স্মৃতি চিরন্তন কেন্দ্রীক অবস্থান ও গণসাক্ষর সংগ্রহে প্রতিদিন রাত ৯টা থেকে ১টা পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার দিবাগত রাত ১টার দিকে ওয়ালিদকে স্মৃতি চিরন্তনের পাদদেশে বসে থাকতে দেখা যায়। তার সঙ্গে ছিল সেই পুরনো সাইকেল। যেখানে বিভিন্ন ধরনের লেখা সম্বলিত সংস্কার প্রস্তাবনা টাঙানো ছিল। যাতে লেখা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক স্বায়ত্ত্বশাসন দেখতে চাই, ডাকসু নির্বাচন চাই ইত্যাদি ।
এছাড়াও সাইকেলের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা টাঙানো এবং তার হাতে একটি গণসাক্ষরের খাতা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন: ডাকসু বিষয়ক আলোচনার ভ্রাম্যমাণ ক্যাম্প হিসেবে সাইকেলকে ব্যবহার করে সাত মাস ধরে আমি গণসংযোগ চালিয়ে আসছি।
‘ডাকসু নির্বাচনের জন্য ১৪ দিন ধরে অনশন করে শুধু আশ্বাস পেয়েছি। ডাকসু নির্বাচনের কোন আভাস না পেয়ে ১ জানুয়ারি থেকে বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করে গণসংযোগ কার্যক্রম শুরু করেছি’, বলেন ওয়ালিদ আশরাফ।
গত ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ডাকসু নির্বাচনের জন্য ওয়ালিদ আশরাফ একাই টানা ১৪ দিন অনশন করেছিলেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে নির্বাচনের আশ্বাস দিলে অনশন ভাঙেন তিনি।







