টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার বেশীরভাগ সবজি ক্ষেত। নতুন করে অনেকই চারা রোপনের প্রস্তুতি নিলেও উৎপাদনে অনিশ্চয়তা রয়েছে বলে মনে করছেন কৃষক।
বর্ষা মৌসুমের শুরুতে টানা বৃষ্টি হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সবজি চাষীরা। বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে ধুন্দল, ঝিঙে, কাকরোল, শশা, লালশাকসহ বিভিন্ন সবজির বীজতলা। স্থানীয় চাষীরা বলেন, “সাত-আট দিন ধরে টানা বৃষ্টির কারণেই আমরা এই ক্ষতির মুখে পড়েছি। ঋণ করে চাষ করে এখন এই অবস্থা, জানিনা সামনে কি হবে”
নতুন করে চারা রোপনের প্রস্তুতি নিয়েছেন অনেক চাষী। কিন্তু অবিরাম বৃষ্টিতে সেখানেও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এ বছর জাজিরা উপজেলায় তিনশ’ ৪৫ হেক্টর জমিতে বর্ষাকালীন সবজি চাষ হয়েছে। শরীয়তপুর জাজিরার উপ-সহকারি কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এখন থেকেই যদি বৃষ্টি বন্ধ হয়ে ক্ষরা সুবিধা হয় তাহলে যে গাছ আছে তাতেই কৃষক ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।







