এরই মধ্যে উন্মাদনা ছড়িয়েছে ৭০তম কান চলচ্চিত্র উৎসব। উৎসবে অংশ নেওয়া বলিউড তারকোদের প্রতি সব সময়ই থাকে বাড়তি আকর্ষণ। আর সেখানে চলচ্চিত্রের অন্য সব তারকাদের পাশাপাশি দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এবার প্রথমবারের মত লাল গালিচায় পা রাখবেন তিনি। হেঁটে যাবেন গালিচার সরু পথ ধরে।
হলিউডে অভিষেকের পর থেকে কাজের বিভিন্ন সুবাদে এর আগেও বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও দেখা গেছেন দীপিকাকে। বিখ্যাত সৌন্দর্য প্রসাধনী প্রতিষ্ঠান ল’রিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হিসেবেই আসবেন তিনি। তবে কেবল দীপিকাই নন, বলিউড পাড়ার আরও অনেকেই থাকছেন সেখানে।
বরাবরের মতই থাকবেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর। ল’রিয়াল থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুর এবার কান চলচ্চিত্র উৎসবে লরিয়াল প্যারিস ও ভারতের প্রতিনিধিত্ব করবেন। আয়োজকদের অফিসিয়াল মেকআপ পার্টনার হিসেবে দুই দশক পূর্তি হচ্ছে এ বছর। তাই ৭০তম আসরটি আমাদের কাছে বিশেষ।’
এই আসরে ১৭ এবং ২৮ মে লাল গালিচায় হাঁটতে দেখা যাবে দীপিকাকে, ঐশ্বরিয়া রায় বচ্চনকে ১৯ ও ২০ মে, সোনম কাপুরকে ২১ ও ২২ মে হাঁটতে দেখা যাবে।
২০১০ সালে প্রথম কান উৎসবে যান দীপিকা। তবে লাল গালিচায় এবারই প্রথম দ্যুতি ছড়াতে যাচ্ছেন তিনি। চলতি বছর ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয় তার। তারপর ‘মিট গালা’ আর এখন কান উৎসব। এদিকে বলিউডে দীপিকা অভিনীত ‘রাবতা’ ছবির একটি গানের ভিডিও বেরিয়েছে সম্প্রতি।
ঐশ্বরিয়া ২০০২ সাল থেকে কান উৎসবে অংশ নিচ্ছেন। আর ২০১১ সাল থেকে কানের লাল গালিচায় হাঁটছেন সোনম কাপুর। কানে হলিউড তারকাদের মধ্যে ল’রিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হিসেবে এবারও থাকবেন অভিনেত্রী জুলিয়ান মুর ও ইভা লঙ্গোরিয়া। আগামী ১৭ মে পর্দা উঠবে এবারের কান উৎসবের। চলবে ২৮ মে পর্যন্ত। বোম্বে টাইম।








