ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই রাজধানী দামেস্কে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণস্থল সিরিয়ার পর্যটন মন্ত্রণালয় এবং ফরাসি প্রেসিডেন্টের জন্য নির্ধারিত হোটেলের খুব কাছেই। তবে প্রেসিডেন্টের বাসভবনসংলগ্ন এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
আজ (৭ জুলাই) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, পর্যটন মন্ত্রণালয় এবং মাক্রোঁর থাকার জন্য নির্ধারিত হোটেলের কাছাকাছি এলাকায় বিস্ফোরণ দুটি ঘটে। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
এসময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে অংশ নিতে দামেস্কে সফর করছিলেন প্রেসিডেন্ট মাক্রোঁ। বিস্ফোরণের সময় তিনি প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তবে তিনি বিস্ফোরণের শব্দ শুনতে পাননি এবং তার নির্ধারিত সফরসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
টেলিভিশনের ফুটেজে বিস্ফোরণের পর দামেস্কের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইকৃত একটি ভিডিওতে একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আশপাশের সড়কগুলো বন্ধ করে দেয়।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ব্যস্ত বেসামরিক এলাকায় বিস্ফোরণ দুটি ঘটেছে। তিনি ঘটনাটিকে অপরাধমূলক হামলা হিসেবে উল্লেখ করে বলেন, এতে হতাহতের আশঙ্কা রয়েছে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।








