ঈদ যেন ঘরের দরজায় কড়া নাড়ছে। আনন্দ ভাগাভাগি করে নিতে এরই মধ্যে নাড়ীর টানে গ্রামে-জনপদে ছুটেছে নগরবাসী। তারকারাই বা বাদ যাবেন কেন? শোবিজ তারকাদের পাশাপাশি ক্রিকেট তারকারাও করে ফেলেছেন তাদের ঈদের ছুটির পরিকল্পনা।
কেউ ছুটছেন গ্রামে আবার কেউবা কর্মব্যস্ততা থাকায় ঢাকাতেই ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপচারিতায় জানা গেছে সেইসব তারকাদের ঈদ সমাচার।
রিয়াজ: প্রতিবছরের মতো এবারও ঢাকাতেই ঈদ করবেন ঢাকাই চলচ্চিত্র অভিনেতা রিয়াজ। পরিবার ও একমাত্র কন্যা সন্তান নিয়ে ঈদ উদযাপন করবেন তিনি।
সুজানা জাফর: মডেল ও অভিনেত্রী সুজানা জাফর ঢাকায় ঈদ করবেন। নিজের দেশ ছাড়া অন্য কোথাও ঈদ করে আনন্দ পান না বলে সবসময় দেশেই ঈদ করতে পছন্দ করেন এ অভিনেত্রী।
শাকিব খান: ঈদুল ফিতরে তার অভিনীত তিনটি ছবির মুক্তি পাওয়ার কারণে এবারের ঈদটি কিং খান ঢাকাতেই পালন করবেন। বাড়তি উত্তেজনা নিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন তিনি।
তাসকিন আহমেদ: ক্রিকেট তারকা তাসকিন আহমেদ তাজিম মোহাম্মদপুরে নিজ বাসায় পরিবারের সঙ্গে ঈদ উৎযাপন করবেন। সকালে বাবার সঙ্গে ঈদের নামাজ পড়ে বন্ধুদের বাড়িতে সেমাই খাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তাছাড়া বিকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে যাবেন তারকাখ্যাতি পাওয়া পেসার তাকসিন।
নুসরাত ফারিয়া: ঢাকাই চলচ্চিত্রের সেনসেশন নুসরাত ফারিয়া ঢাকাতেই ঈদ করবেন। কারণ তার অভিনীত তৃতীয় ছবি ‘বাদশা’ মুক্তি পাচ্ছে ঈদের দিন। ঈদের দিন জাজের সঙ্গে বিভিন্ন সিনেমা হলে দর্শকদের প্রতিক্রিয়া জানতে যাবেন নুসরাত ফারিয়া। তবে ঈদের পর হয়তো দেশের বাইরে ঘুরতে যেতে পারেন এই ঢালিউড সুন্দরী।
মাহিয়া মাহি: এবারের ঈদে ‘অগ্নি কন্যা’ খ্যাত মাহিয়া মাহির কোনো ছবি মুক্তি পাচ্ছে না। বিয়ের পর প্রথম ঈদটি স্বামী ছাড়াই ঢাকায় নিজের পরিবারের সঙ্গে পালন করবেন মাহি। অপুর ব্যস্ততা থাকায় তিনি থাকবেন সিলেটে। ঈদের পরদিন শ্বশুর বাড়ি গেলেও তার কিছুদিন পর স্বামীর সঙ্গে হানিমুনে যুক্তরাষ্ট্রে উড়াল দিবেন তিনি।
সাকিব আল হাসান: প্রথমবার মেয়ে ছাড়াই ঈদ উদযাপন করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ(সিপিএল) খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন তিনি। আর সেকারণেই স্ত্রী শিশির ও আলায়না বিহীন ঈদ করবেন তারকাখ্যাতি সম্পন্ন এ অলরাউন্ডার।
পূর্ণিমা: চলচ্চিত্র জগতের মিষ্টি মেয়ে পূর্ণিমা স্বামী ও মেয়েকে নিয়ে ঢাকাতেই ঈদ করবেন। মেয়ে ছোট থাকার কারণে কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা নেই এ নায়িকার।
সজল: অভিনেতা সজল পরিবারের সঙ্গে ঈদ ঢাকাতেই করবেন। ঈদের আগে খুব ব্যস্ত সময় কাটানো শেষে ঈদের এই কয়েকটা দিন ঘুমিয়েই কাটাতে চান সজল। তাই বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
মোস্তাফিজ: পরিবারের সবাইকে নিয়ে সাতক্ষীরার গ্রামে বাড়িতে ঈদ উদযাপন করবেন তারকা খেলোয়াড় মোস্তাফিজ। আইপিএলে দুর্দান্ত খেলে দর্শক মাতানো এই তারকা ঈদের পরপরই ঢাকায় ফিরবেন। 








