ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের ফ্রেড। বৃহস্পতিবার অনুশীলনের সময় সতীর্থের সঙ্গে সংঘর্ষে আহত হন তিনি। তবে ফ্রেডের ইনজুরি গুরুতর নয় বলেই জানিয়েছে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট।
বিশ্বকাপ প্রস্তুতির জন্য এখন লন্ডনে আছে ব্রাজিল। ইএসপিএন ফুটবল জানাচ্ছে, সতীর্থ কাসেমিরোর ট্যাকলে আঘাত পান ফ্রেড। আঘাতের পর আবার অনুশীলনের চেষ্টা করলেও পারেননি। ফলে সাইডবেঞ্চে বসেই বাকিদের অনুশীলন দেখতে হয়।
পরীক্ষা-নিরীক্ষার পর ফ্রেডের ইনজুরি গুরুতর নয় বলে জানিয়েছে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। দলের চিকিৎসক লাসমার বলেন, ‘এত দ্রুত এটাকে আমরা ইনজুরি বলব না। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত আমাদের অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। তিনি এরইমধ্যে ফিট হওয়ার জন্য কাজ শুরু করেছেন। শুক্রবার শেষবেলা পর্যন্ত দেখব যে, তার বাড়তি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে হবে কিনা।’
ফ্রেডকে নিয়ে কিছুটা আশংকা থাকলেও নেইমারকে নিয়ে দিন গড়ানো সঙ্গে সঙ্গে সুসংবাদ পাচ্ছেন কোচ টিটে। প্রায় শতভাগ ফিট হওয়ার কাছাকাছি পিএসজি তারকা।









