টাক মাথার দুর্দান্ত অ্যাকশন হিরো ভিন ডিজেল তার ট্রিপল এক্স ছবির তৃতীয়
পর্বে যেমন নিয়ে এসেছেন বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোনকে, তেমনি
এনেছেন ফুটবলের অনন্য কারিগর নেইমারকেও।
ব্রাজিলের বর্তমান সময়ের সবচেয়ে উজ্জ্বল এ তারকা ইতোমধ্যেই তার প্রথম দিনের শুটিংও শেষ করেছেন। ২০১৭
সালের জানুয়ারিতে মুক্তি পেতে যাওয়া এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব
জেন্ডার ক্যাইজ মুভিটিতে দেখা যাবে এই বার্সেলোনা তারকাকে।
ছবির অন্যতম প্রডিউসার ভিন ডিজেলের সাথে বন্ধুত্বটাও বেশ ভালোই গড়ে উঠেছে নেইমারের। প্রথম দিনের শুটিং শেষে টুইটারে নেইমারকে ‘নেচারাল’ বলে প্রশংসা করেন নাম ভূমিকায় অভিনয় করা হলিউড সুপারস্টার।
এছাড়াও ভিন ডিজেলের অফিসিয়াল ফেসবুক পেজের লাইভ ব্রডকাস্টেও উপস্থিত হয়েছিলেন নেইমার। ট্রিপল এক্স ছবিটির তৃতীয় কিস্তিতে স্যামুয়েল এল. জ্যাকসন এবং রুবি রোজদের মতো তারকার সম্মিলন ঘটবে।
শতবর্ষী বিশেষ কোপা আমেরিকার আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও ব্রাজিলের নবম শিরোপা লাভের অভিযানে দলে নেই সেরা এই তারকা। তবে আগস্টে রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিতব্য সামার অলিম্পিকে দলকে প্রতিনিধিত্ব করবেন নেইমার।







