ক্যারিয়ারের গোধূলীলগ্নে এসে বুড়ো হাড়ের ভেল্কি দেখাচ্ছেন শন উইলিয়ামস। ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে ৫ ম্যাচে তিন সেঞ্চুরি ও একটি ৯১ রানের ইনিংসে উড়ছেন জিম্বাবুয়ের টপঅর্ডারের ৩৬ বর্ষী বাঁহাতি ব্যাটার।
বাছাইয়ে এপর্যন্ত ৫৩২ রান করেছেন শন। সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন এক ম্যাচে। তার ব্যাটে ভর করে গ্রুপপর্বের চার ম্যাচে চারটিতেই জয় পেয়েছে ক্রেইগ আরভিনের দল। ফলাফল ‘এ’ গ্রুপে সেরা হয়ে সুপার সিক্সে এসেছে জিম্বাবুয়ে।
গত ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ারসেরা ১৭৪ রানের ইনিংস। জিম্বাবুয়ের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ইনিংস সেটি। যাতে ভর করে ওয়ানডেতে প্রথমবার ৪০০ রানের ইনিংসের দেখা পায় জিম্বাবুয়ে।
বৃহস্পতিবার জিম্বাবুয়ের ব্যাটিংটা মন্থর শুরু হলেও পরে বড় সেঞ্চুরিতে পুষিয়ে দেন উইলিয়ামস। ম্যাচ শেষে তার প্রতি কৃতজ্ঞতা ঝরেছে অধিনায়ক আরভিনের কণ্ঠে, ‘৩৩০ পর্যন্ত পৌঁছাতে শন উইলিয়ামস একটি বিশেষ ইনিংস খেলেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ। সে খুব স্বস্তি পেয়েছে। যখন সে ব্যাট শুরু করেছিল, আমরা ভেবেছিলাম ২৮০-৯০ ভালো স্কোর হতে চলেছে।’
সেঞ্চুরি করা ইদানীং যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন উইলিয়ামস। জিম্বাবুয়ের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রাহক তিনি। গত ম্যাচেও ১০৩ বল খেলে ১৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ইনিংস শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৩৩২ রান।
জবাবে নেমে ওমানের ডানহাতি ওপেনার ২৭ বর্ষী কেশব প্রজাপতিও শতকের দেখা পান। ৯৭ বল খেলে ১০৩ রানে ব্লেসিং মুজারাবানির বলে আউট হন। তবে দলকে জয়ের বন্দরে নিতে পারেননি, হেরেছেন মাত্র ১৪ রানে। ৩১৮ রান পর্যন্ত যেতে পারে ওমান।








