দীর্ঘ আট মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরতে চলেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের আতিথ্য নেবে টিম টাইগার্স। টেস্ট ও টি-টুয়েন্টিতে খুব একটা ভালো সময় কাটছে না নাজমুল হোসেন শান্তদের। ওয়ানডে দিয়ে ছন্দে ফেরার পাশাপাশি নিজের সেরাটা দেয়ার কথা জানিয়েছেন টপঅর্ডার ব্যাটার জাকির হাসান।
আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর সিরিজের তিনটি ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। সিরিজ সামনে রেখে শনিবার সন্ধ্যায় ঢাকা ছেড়েছে প্রথম ভাগের বাংলাদেশ দল। সফরের বাকি খেলোয়াড় এবং কোচিং স্টাফরা রোববার আরব আমিরাতের উদ্দেশে পাড়ি দিয়েছেন। দ্বিতীয় ধাপে দেশ ত্যাগের আগে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাকির। সেখানে জানান এমন।
বলেছেন, ‘ব্যাটার হিসেবে লক্ষ্য থাকবে আমার সেরা পারফরম্যান্স করা। দল হিসেবেও আমরা ভালো খেলার চেষ্টা করব।’
শারজায় আফগানিস্তানের বিপক্ষে জেতা চ্যালেঞ্জিং মানছেন জাকির। বলেছেন, ‘চ্যালেঞ্জ অবশ্যই আছে। তবে ভালো একটি সিরিজ হবে বলেই আশা করছি। আমি যতটুকু জানি, শারজার উইকেট খুব ভালো হয়। আশা করি, ভালো একটা সিরিজ হবে।’
বাংলাদেশ দলের দীর্ঘ সময়ের সমস্যা টপঅর্ডারে রান না আসা। জাকির কথা বলেছেন তা নিয়েও। তার মতে অতীত পেছনে সামনে কীভাবে ভালো করা যায় সেদিকে মনযোগ দেয়া উচিত।
‘এটা ঠিক আমরা ভালো শুরু দিতে পারছি না। টেস্টে যেমন কয়েকটি ম্যাচেই ওপেনাররা ভালো করতে পারিনি। এ জন্য ভুগেছি। আমাদের ওটা নিয়ে পড়ে থাকলে হবে না। যেহেতু খুব দ্রুত সিরিজগুলো আসছে, পরের সিরিজেই আমরা সবাই চেষ্টা করছি আগের সিরিজের ভুলগুলো কোথায় তা খুঁজে বের করতে। সেগুলো কাটিয়ে উঠে সব সিরিজেই ওপেনিং বা টপঅর্ডার থেকে ভালো জুটি গড়ার চেষ্টা থাকবে, যেন মিডল অর্ডারের কাজটা আরও সহজ হয়।’








